...|...|...

খেলা

প্রকাশ পেল ব্যালন ডি’অর জয়ের দৌড়ে পুরুষ ও নারী বিভাগে প্রথম ও দ্বিতীয় স্থানে যারা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩৪ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪১
Shares
প্রকাশ পেল ব্যালন ডি’অর জয়ের দৌড়ে পুরুষ ও নারী বিভাগে প্রথম ও দ্বিতীয় স্থানে যারা

ছবি: সংগৃহীত

ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের বিজয়ীদের নাম ঘোষণার আগে পুরুষ বিভাগে আলোচনার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন, স্পেনের লামিনে ইয়ামাল ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে, নারী বিভাগে তৃতীয়বারের মতো পুরস্কার জয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন স্পেনের আলেক্সিয়া পুতেয়াসের পাশাপাশি ইভা পায়োর, অ্যালেসিয়া রুশো, খাদিজা শ, ক্যারোলিন গ্রাহাম হানসেন ও মারিওনা কালদেন্তের নামও আলোচনায় রয়েছে

সোমবার (২৬ অক্টোবর) রাতে লন্ডনের প্যালাডিয়ামে শুরু হবে ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠান। আয়োজকদের তথ্য অনুযায়ী, ফ্রান্স ফুটবল ও উয়েফার যৌথ আয়োজনে এবার পুরস্কারটির ৭০তম বার্ষিকী উদ্‌যাপন করা হচ্ছে।  

পুরুষ বিভাগে বুকমেকারদের পূর্বাভাসে সবচেয়ে এগিয়ে রয়েছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন। আল জাজিরার এক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কেইনের জয়ের সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ। গত মৌসুমে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেন তিনি। বুন্দেসলিগা জয়ের পাশাপাশি ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালেও নেতৃত্ব দেন কেইন।

অ্যাভিসিয়ার বিশ্লেষণে ইয়ামালের জয়ের সম্ভাবনা ২৩ শতাংশ, কেইনের ২১ শতাংশ এবং এমবাপ্পের ১৯ শতাংশ বলা হয়েছে। স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা এবং বার্সেলোনার হয়ে লা লিগা শিরোপা অর্জনে অবদান রাখায় ইয়ামালও পুরস্কারের অন্যতম দাবিদার। ফলে কেইনের গোলসংখ্যা ও ব্যক্তিগত অর্জনের বিপরীতে ইয়ামালের দলীয় সাফল্য শেষ মুহূর্তের আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এমবাপ্পেও রয়েছেন আলোচনায়। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছেন এবং ২০২৬ সালের পুরুষ ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন। একই তালিকায় রয়েছেন আর্লিং হালান্ড, উসমান দেম্বেলে ও লিওনেল মেসিও। তবে ২০২৬ সালের পুরুষ বিভাগের পুরস্কারের জন্য সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন কেইন, ইয়ামাল, এমবাপ্পে ও মেসি।

নারী বিভাগে আলেক্সিয়া পুতেয়াসকে সম্ভাব্য বিজয়ী হিসেবে এগিয়ে রেখেছে আল জাজিরার পূর্বাভাসভিত্তিক প্রতিবেদন। বার্সেলোনার হয়ে একাধিক শিরোপা জয়ে অবদান রাখা এই স্প্যানিশ মিডফিল্ডার ২০২১ ও ২০২২ সালে টানা দুইবার ব্যালন ডি’অর জিতেছিলেন। এবার জিতলে তৃতীয়বারের মতো এই পুরস্কার জয়ের কৃতিত্ব অর্জন করবেন তিনি।

নারী বিভাগে পুতেয়াসের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন বার্সেলোনার ইভা পায়োর এবং ম্যানচেস্টার সিটির খাদিজা শ। পায়োর নারী চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন, আর খাদিজা শ ইংলিশ নারী সুপার লিগে টানা তৃতীয় মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ফলে পুতেয়াসকে এগিয়ে রাখা হলেও অন্য মনোনীতদের সম্ভাবনা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

ব্যালন ডি’অরের বিজয়ী নির্ধারণ করেন আন্তর্জাতিক জুরিতে থাকা বিশেষায়িত সাংবাদিকেরা। পুরুষ বিভাগে ফিফা র‍্যাংকিংয়ে  শীর্ষ ১০০ দেশের একজন করে প্রতিনিধি এবং নারী বিভাগে শীর্ষ ৫০ দেশের একজন করে প্রতিনিধি ভোট দেন। ব্যক্তিগত পারফরম্যান্স, দলীয় সাফল্য ও শিরোপা এবং খেলোয়াড়ের আচরণ এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে ভোট দেওয়া হয়। তাই আনুষ্ঠানিক ঘোষণার আগে কাউকেই নিশ্চিত বিজয়ী বলা যাচ্ছে না।