...|...|...

জাতীয়

পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: হুমায়ুন কবির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৭
Shares
পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: হুমায়ুন কবির

ছবি: সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রক্রিয়া নিয়ে চরম ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ওই পদে দায়িত্ব পালনের মতো প্রয়োজনীয় যোগ্যতা পুতুলের ছিল না উল্লেখ করে তিনি বলেন, তার পুরো নিয়োগ প্রক্রিয়াটি ছিল ত্রুটিপূর্ণ এবং সেখান থেকে চরম দুর্নীতির দুর্গন্ধ ভেসে এসেছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রতিমন্ত্রী। ডব্লিউএইচওর পরবর্তী অঞ্চলের প্রধান হিসেবে এবার বাংলাদেশ মালদ্বীপের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

একই ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে বিশেষ জোর দেবে বাংলাদেশ।

ভারতের সাথে সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, দিল্লির সাথে একটি নতুন ও কার্যকর দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরি করতে চায় ঢাকা। সীমান্তে হত্যাকাণ্ডের মতো জটিল সমস্যা কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সুরাহা করা হবে। এ ছাড়া বাংলাদেশ থেকে বিদেশে অবৈধভাবে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে কাজ শুরু হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।