...|...|...

সারাদেশ

পবিপ্রবি ছাত্রীকে হেনস্তা, সহপাঠীকে মারধরের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৩২
Shares
পবিপ্রবি ছাত্রীকে হেনস্তা, সহপাঠীকে মারধরের অভিযোগ

পটুয়াখালীর দুমকিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে আটকে হেনস্তা এবং তার সাথে থাকা এক পুরুষ সহপাঠীকে মারধর করে টাকা ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী শিক্ষার্থী বাদী হয়ে দুমকি থানায় মামলা করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই নারী শিক্ষার্থী ও তার এক সহপাঠী দক্ষিণ দুমকের জামেয়া দাখিল মাদ্রাসা সড়কে যান। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে রিফাত তালুকদারের নেতৃত্বে ৫-৬ জন যুবক তাদের পথরোধ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ওই যুবকেরা দুজনকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করেন। একপর্যায়ে পুরুষ শিক্ষার্থীকে মারধর করা হয়। পরে তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

এজাহারে নারী শিক্ষার্থীকে অন্য একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে শারীরিকভাবে হেনস্তার অভিযোগও করা হয়েছে। সেখানে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ উল্লেখ রয়েছে।

ঘটনার পরদিন ওই নারী শিক্ষার্থী থানায় গিয়ে মামলা করেন। মামলায় রিফাত তালুকদারসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। মামলার আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জামেয়া দাখিল মাদ্রাসা সড়ক ও এর আশপাশের এলাকায় বিভিন্ন সময়ে কিছু যুবকের উৎপাতের ঘটনা ঘটে থাকে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।