পাবনার পদ্মা নদী থেকে হাত বাঁধা এবং গলায় বাজারের ব্যাগে প্যাঁচানো অবস্থায় বস্তাবন্দি এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও তার পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (৩ মে) সকাল ১০ টার দিকে সদরের ভাড়ারা ইউনিয়নের বলরামপুর পীরপুর-সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় এই লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, নিহত মেয়েটির বয়স আনুমানিক ১৪-১৬ বছর হতে পারে। গলায় একটি রুপার চেইন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পদ্মার চরে কৃষকেরা কাজে যাওয়ার সময় তীরে ঠেকানো নৌকার পাশে একটি বস্তা ভাসতে দেখতে পায়। এমন সময় একজন বস্তার কাছে গিয়ে বুঝতে পারে যে ভিতরে লাশ আছে। এরপর কৃষকের কাজে ব্যবহৃত কাঁচি দিয়ে বস্তার মুখ খুলে দেখে যে একটি মেয়ের লাশ। তখন তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে পাবনা অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থলে ডিবি পুলিশ রয়েছে । এখনও পরিচয় পাওয়া যায়নি। কি কারণে হত্যা হয়েছে এটাও জানা যায়নি।


