...|...|...

খুলনা

পথচারীকে চাপা দিয়ে এতিমখানার ভেতরে বাস, প্রাণ গেল নারীর

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:২৬
Shares
পথচারীকে চাপা দিয়ে এতিমখানার ভেতরে বাস, প্রাণ গেল নারীর

ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরে এক পথচারী নারীকে চাপা দেওয়ার পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানার ভেতরে ঢুকে পড়েছে। এ ঘটনায় রোকেয়া বেগম (৪৫) নামের ওই নারী নিহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে যশোর-সাতক্ষীরা সড়কের উপজেলার মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া বেগম উপজেলার মধ্যকুল গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, ফজরের নামাজের পর সকালে হাঁটতে বের হয়েছিলেন রোকেয়া। এ সময় যশোরগামী স্টার ডিলাক্স পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার সকাল ৬টার দিকে যাত্রীবিহীন বাসটি যশোরের উদ্দেশে যাচ্ছিল। মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে পৌঁছালে বাসটি সড়কের বাঁ পাশে থাকা পথচারী রোকেয়া বেগমকে চাপা দেয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে থাকা এতিমখানা ভবনের সামনের অংশ ভেঙে ভেতরে ঢুকে পড়ে।

এ সময় বাসের চালকের সহকারী মানিক ফকির আহত হন। তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান।

মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক গোলাম মোস্তফা বলেন, বাসটি মাদ্রাসার সামনের অংশ ভেঙে ভেতরে ঢুকে যায়। এ ঘটনায় অনেক ক্ষতি হয়েছে। ঘটনার সময় মাদ্রাসায় ১০ থেকে ১২ জন শিক্ষার্থী ছিল। তবে তাদের কোনো ক্ষতি হয়নি।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেকসোনা খাতুন বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি থানা হেফাজতে রয়েছে।