...|...|...

রংপুর

পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৩৮
Shares
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এ উত্তেজনার সূত্রপাত হয়।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।

সভায় আসাদুল্লাহ আসাদ বক্তব্য দেওয়ার সময় তার একটি মন্তব্যকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের একাংশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়। পরে মন্ত্রী ও জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর সভা শেষ হয়।

তবে সভার ওই ঘটনাকে কেন্দ্র করে দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পক্ষে-বিপক্ষে নানা পোস্ট দেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এর জেরে রবিবার রাত ৯টার পর পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ওয়ালটন শোরুমসংলগ্ন এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন নেতাকর্মী ও সমর্থক আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।