নেত্রকোণায় গণঅভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ ও নতুন বাংলাদেশের স্বপ্নকে সুরের মূর্ছনায় ধরে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং নেত্রকোণা জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ‘গানে গানে জুলাই’ শীর্ষক মনোজ্ঞ সংগীতানুষ্ঠান করা হয়েছে।
সোমবার (৩আগস্ট) রাতে নেত্রকোণা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেত্রকোণা সদর-বারহাট্টা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো. আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
মনোজ্ঞ সংগীত আয়োজনের মধ্য দিয়ে জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর আত্মত্যাগ, সাহস, সংগ্রাম ও প্রত্যাশার গল্প উঠে আসে। শিল্পীদের কণ্ঠে জুলাই হয়ে ওঠে স্মৃতির অনুরণন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা এবং একটি বৈষম্যহীন, মানবিক ও সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখার শক্তি।
অনুষ্ঠানের শেষে অতিথি ও বক্তারা জুলাইয়ের চেতনাকে শুধু স্মৃতিতে নয়, বরং দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতা, ন্যায়বোধ ও ইতিবাচক কাজে ধারণ করার আহ্বান জানান।


