পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাবল ডেকার স্লিপার কোচ পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার শিকার বাসটি আইকনিক পরিবহনের ডাবল ডেকার স্লিপার কোচ। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ছিলেন। তারা কুয়াকাটা ভ্রমণের উদ্দেশে বাসটি রিজার্ভ করে ঢাকার দিক থেকে রওনা দিয়েছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে প্রায় ২০ থেকে ২৫ জন পর্যটককে নিয়ে বাসটি ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে যাত্রা শুরু করে। শুক্রবার সকালে খলিলপুর এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
এতে বাসে থাকা অন্তত ১৫ জন পর্যটক আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।
আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পর বাসটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে চলে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


