নরসিংদীর বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়ালকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৩ আগস্ট) দুপুরে টাইমস টুডেকে এ তথ্য নিশ্চিত করেছেন বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ।
গ্রেফতারকৃত এহসান উল্লাহ পিয়াল বেলাবো উপজেলার নিলক্ষীয়া নামাপাড়া এলাকার মৃত জহিরুল হক ওরফে উল্লাহর ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ জানান, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বেলাবো উপজেলার সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে যথাসময়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


