যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে মধ্যস্থতাকারীদের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের বার্তা সংস্থা ‘ইসনা’ জানিয়েছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে নিউইয়র্কে একটি ইরানি প্রতিনিধি দল নিয়ে মধ্যস্থতাকারীদের সাথে বৈঠক করবেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় যুক্ত মধ্যস্থতাকারীদের সঙ্গে বর্তমান পরিস্থিতি, সর্বশেষ প্রস্তাবনা ও মতামত নিয়ে আলোচনা করবে ইরানি প্রতিনিধি দল।
এদিকে, একটি কাতারি প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। গত সপ্তাহে তারা মার্কিন কর্মকর্তাদের কাছে ইরানের একটি প্রস্তাবনা তুলে ধরেছে। ওই প্রস্তাবে অর্থনৈতিক সুবিধা বা ছাড়ের বিনিময়ে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
ইরানের বার্তা সংস্থা ‘তাসনিম’ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কোনো পরিকল্পনা নেই তেহরানের। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়টি সামনে এসেছে।
আন্তর্জাতিক অঙ্গনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই নিউইয়র্কে এই বৈঠকের খবর সামনে এলো।


