...|...|...

বিশ্ব

নদীতে ভেসে যাওয়া হাতিশাবককে মায়ের কাছে ফেরাল বন বিভাগ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:২২ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৫৩
Shares
নদীতে ভেসে যাওয়া হাতিশাবককে মায়ের কাছে ফেরাল বন বিভাগ

নদীতে ভেসে যাওয়া হাতিশাবককে মায়ের কাছে ফিরিয়ে দিল বন বিভাগ। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের তিস্তা নদীতে প্রবল স্রোতে প্রায় চার কিলোমিটার ভেসে যাওয়া চার দিনের একটি হাতিশাবককে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে বন বিভাগ। নদীতে মাছ ধরার সময় স্থানীয় জেলেদের চোখে পড়ে শাবকটি। পরে তারা নৌকা নিয়ে গিয়ে সেটিকে উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের গজলডোবা ব্যারাজসংলগ্ন এলাকায় তিস্তা নদী পার হচ্ছিল হাতির একটি পাল। নদী পার হওয়ার সময় কোনোভাবে দলছুট হয়ে যায় মাত্র চার দিন বয়সী হাতিশাবকটি। এরপর পানির তীব্র স্রোতে সেটি ভেসে যেতে থাকে।

এ সময় নদীতে মাছ ধরছিলেন কয়েকজন স্থানীয় জেলে। প্রায় চার কিলোমিটার দূরে ভেসে যাওয়ার পর তাদের নজরে আসে অসহায় শাবকটি। পরে ছোট নৌকা নিয়ে নদীতে গিয়ে সেটিকে নিরাপদে উদ্ধার করেন তারা।

হাতিশাবক উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন বিভাগের কর্মকর্তারা। শাবকটিকে উদ্ধারের পর তার শারীরিক অবস্থা পরীক্ষা করতে পশু চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষা শেষে চিকিৎসক জানান, শাবকটির শরীরে গুরুতর কোনো আঘাতের চিহ্ন নেই।

তবে বন কর্মকর্তারা জানান, দীর্ঘ সময় মানুষের সংস্পর্শে থাকলে মা হাতি তার শাবককে গ্রহণ নাও করতে পারে। এ কারণে শাবকটিকে দ্রুত হাতির পালের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

পরে বন বিভাগের সদস্যরা শাবকটিকে হাতির পালের কাছে নিয়ে যান। সেখানে মা হাতি শাবকটিকে চিনতে পেরে কাছে টেনে নেয় এবং তাকে দুধ পান করায়। এরপর শাবকটি মায়ের সাথে আবার হাতির পালের অংশ হয়ে যায়।

স্থানীয় জেলেদের দ্রুত তৎপরতা এবং বন বিভাগের উদ্যোগে নদীর স্রোতে ভেসে যাওয়া চার দিনের হাতিশাবকটি শেষ পর্যন্ত নিরাপদে মায়ের কাছে ফিরতে সক্ষম হয়।