...|...|...

ক্যাম্পাস

ধর্ষণচেষ্টা ইস্যুতে উত্তাল জাবি, ৭০ দিনেও খুলেনি প্রক্টর অফিস

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, রাত ৮:২৫ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:৪১
Shares
ধর্ষণচেষ্টা ইস্যুতে উত্তাল জাবি, ৭০ দিনেও খুলেনি প্রক্টর অফিস

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অফিসে টানা দুই মাসের বেশি সময় ধরে ঝুলছে তালা। গত ১৬ মে শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগের দাবিতে অফিসটিতে তালা লাগান। এরপর দুই মাস ১০ দিন পেরিয়ে গেলেও এখনো খোলা হয়নি সেই তালা।

ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রক্টরের দায়িত্ব পালনকালে ক্যাম্পাসে একাধিক গুরুতর সহিংসতার ঘটনা ঘটলেও সেগুলো প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

আন্দোলনকারীরা জানান, প্রক্টর পদত্যাগ না করা পর্যন্ত তারা প্রক্টর অফিসের তালা খুলবেন না। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১৭ মে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরে ১৫ জুন অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। তবে প্রতিবেদন ও সুপারিশ প্রকাশের দাবিতে এখনো অনড় রয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের দুই সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, তদন্ত কমিটি একটি কার্যকর প্রক্টরিয়াল বডি গঠনের সুপারিশ করেছে। একই সাথে প্রক্টরকে দায়িত্ব পালনে আরও সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত প্রক্টরিয়াল বডি পুনর্গঠনের বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

ফলে দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের কার্যক্রম। শিক্ষার্থীদের দাবি পূরণ এবং প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পুরো ক্যাম্পাস।