জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিম। তিনি বিশ্ববিদ্যালয়ের বিদায়ী প্রক্টর ও দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
নিয়োগ সংক্রান্ত অফিস আদেশে উল্লেখ করা হয়, বিদায়ী প্রক্টর অধ্যাপক মো. জাকির হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে ১ অক্টোবর অপরাহ্ণ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে প্রক্টরের দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি নিয়ম অনুযায়ী এই পদের সকল সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।
নতুন দায়িত্ব গ্রহণ করে অধ্যাপক আব্দুল হালিম জানান, বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক পরিবেশ সুন্দর রাখার ক্ষেত্রে তিনি সকলকে সাথে নিয়ে কাজ করতে চান। ক্যাম্পাসজুড়ে শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রেখে একাডেমিক কার্যক্রম এগিয়ে নিতে তিনি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, নতুন প্রক্টর ড. মো. আব্দুল হালিম বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের প্রভোস্টের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদেও যুক্ত রয়েছেন।


