দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য পতন হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৪৫ দশমিক ৪৮ মিলিয়ন মার্কিন ডলার। বিলিয়ন হিসেবে এর পরিমাণ প্রায় ৩৬ দশমিক ১৪ বিলিয়ন ডলার।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে একই সময়ে রিজার্ভের পরিমাণ আরও কম। এই পদ্ধতি অনুযায়ী, দেশের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ২৯৮ দশমিক ২৩ মিলিয়ন ডলার, যা প্রায় ৩১ দশমিক ৩০ বিলিয়ন ডলার।
এর আগে ২০ সেপ্টেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩৬ হাজার ৩০৮ দশমিক ৯৮ মিলিয়ন ডলার বা ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলার। একই দিনে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৪৫২ দশমিক ৮৩ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।
দুই সময়ের হিসাব তুলনা করলে দেখা যায়, নয় দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ কমেছে প্রায় ১৬৩ দশমিক ৫০ মিলিয়ন ডলার। আর আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ কমেছে প্রায় ১৫৪ দশমিক ৬০ মিলিয়ন ডলার।
অন্যদিকে, প্রবাসী আয়ে ইতিবাচক প্রবাহ অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। শুধু ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর—এই তিন দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১৩ কোটি ডলার।
গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে, সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার।


