...|...|...

অর্থনীতি

দুই সপ্তাহ ঊর্ধ্বগতির পর স্থিতিশীল তেলের বাজার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, সকাল ১০:০৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:৫০
Shares
দুই সপ্তাহ ঊর্ধ্বগতির পর স্থিতিশীল তেলের বাজার

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার প্রভাব মূল্যায়ন করছেন বিনিয়োগকারীরা। এর মধ্যেই আগের সেশনে বড় পতনের পর মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় স্থিতিশীল রয়েছে।

রয়টার্স এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ৯ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ সেন্ট বেড়ে ৮৫ দশমিক ০২ ডলারে পৌঁছেছে।

এর আগে টানা দুই সপ্তাহ দাম বাড়ার পর মুনাফা তুলে নেওয়ার কারণে সোমবার ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই ২ শতাংশের বেশি কমে যায়।

সোমবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইরানের অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করতে নতুন নিষেধাজ্ঞা সম্প্রসারণের ঘোষণা দেন। তিনি বিভিন্ন দেশকে ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান, অন্যথায় ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থায় বাধার মুখে পড়ার সতর্কতা দেন।

তবে কোন কোন দেশ বা প্রতিষ্ঠান এই নিষেধাজ্ঞার আওতায় আসবে এবং তা কবে কার্যকর হবে—এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা সরাসরি সরবরাহ সংকটের পরিবর্তে অর্থনৈতিক চাপকে কম ঝুঁকির বিষয় হিসেবে দেখছেন। ফলে নিষেধাজ্ঞার ঘোষণার পর তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা যায়নি।

তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন, ইরান হরমুজ প্রণালির জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করলে তেলের দামে আবারও বড় প্রভাব পড়তে পারে। বিশ্বের মোট তেল সরবরাহের একটি বড় অংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের আশ শিহাহ এলাকার কাছে একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরান হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণের দাবি অব্যাহত রেখেছে। সাম্প্রতিক উত্তেজনার কারণে বিভিন্ন দেশ কৌশলগত মজুত থেকে তেল ব্যবহার করছে।

যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে দেশটির কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে প্রায় ৩৭ লাখ ব্যারেল তেল কমেছে। বর্তমানে মজুত নেমে এসেছে ২৮ কোটি ৯৭ লাখ ব্যারেলে, যা ১৯৮২ সালের নভেম্বরের পর সর্বনিম্ন।