ট্রাভিস হেডের রেকর্ড সেঞ্চুরি এবং কুপার কনোলির অলরাউন্ড নৈপুণ্যে জিম্বাবুয়েকে হারিয়ে এক ম্যাচ বাকিতেই সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হারারেতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ৮৪ রানে হারিয়েছে সফরকারীরা। দুই বছর পর প্রতিপক্ষের মাঠে এটি অজিদের প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৩৫৬ রান সংগ্রহ করে। ওপেনিং জুটিতে ট্রাভিস হেড ও মিচেল মার্শ ১৩০ রান তুলে শক্ত ভিত গড়ে দেন। মার্শ ৫৩ রানে আউট হলেও হেড ৮৪ বলে ১১২ রানের মারকুটে ইনিংস খেলেন।
জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ান ব্যাটারদের মধ্যে দ্রুততম (৭৫ বলে) সেঞ্চুরির রেকর্ড গড়েন এই বাঁহাতি ওপেনার। তিনে নেমে কুপার কনোলি ৬৯ বলে ৭৮ রান করেন এবং শেষ দিকে অলিভার পিক মাত্র ১৮ বলে ৪১ রানের ক্যামিও ইনিংস উপহার দেন।
৩৫৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ২৭২ রানে অলআউট হয়ে যায়। দলটির প্রথম ছয় ব্যাটারই ভালো সূচনা পেলেও কেউ ফিফটি স্পর্শ করতে পারেননি; সর্বোচ্চ ৪৫ রান করেন সিকান্দার রাজা।
১ বছর পর ওয়ানডেতে ফিরে জশ হেইজেলউড ২টি এবং লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা ও ম্যাট রেনশ ২টি করে উইকেট নেন। ব্যাট হাতে ৭৮ রানের পর বাঁহাতি স্পিনে ২৫ রান দিয়ে ২ উইকেট তুলে অলরাউন্ড পারফর্ম করেন কনোলি।
৩ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে আগামী রবিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

