...|...|...

জাতীয়

দুই প্রধানমন্ত্রীর আলোচনায় অনেক সমস্যার সমাধান হবে: দীনেশ ত্রিবেদী

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, বিকেল ৫:২২ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৩৩
Shares
দুই প্রধানমন্ত্রীর আলোচনায় অনেক সমস্যার সমাধান হবে: দীনেশ ত্রিবেদী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনা হলে দুই দেশের বিদ্যমান অনেক সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রবিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভেক)-এ শিশুদের খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। আমার বিশ্বাস, যদি দুই নেতার মধ্যে আলোচনা হয়, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। মানুষে মানুষে সম্পর্ক ভালো আছে, সমাধানের পথও তৈরি হবে।

তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক কিছু নেই, বরং সবকিছু ইতিবাচক দৃষ্টিতে দেখার সুযোগ রয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সৌজন্য সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে আগামীকাল সোমবার। ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

আগামীকালের বৈঠক প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি তার অনেক বক্তব্য শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি।

দুই দেশের শীর্ষ নেতৃত্বের সম্ভাব্য আলোচনাকে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।