থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে দেশটির কোলান দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার সাথে থাকা চিত্রগ্রাহক মেহেদী রনিও আহত হয়েছেন।
জানা গেছে, কোলান দ্বীপের একটি পাহাড়ে নাটকের দৃশ্য ধারণের কাজ করছিলেন খায়রুল বাসার ও তার শুটিং টিম। কাজ শেষে পাহাড় থেকে নিচে নামার সময় হঠাৎ তাদের বহনকারী স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্কুটিটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। সবকিছু এত দ্রুত ঘটে যায় যে তারা সামলে ওঠার সুযোগ পাননি। পরে অদূরে থাকা শুটিং ইউনিটের অন্য সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করেন।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে খায়রুল বাসার গণমাধ্যমকে বলেন, ‘পাহাড়ের ওপরে আমাদের শুটিং ঠিকমতোই হয়েছিল। কিন্তু নিচে নামতে গিয়ে হঠাৎ স্কুটি নিয়ন্ত্রণ হারায় এবং আমরা ছিটকে পড়ে যাই।’
আঘাতের বিষয়ে এই অভিনেতা জানান, তিনি বুকে এবং হাঁটুতে মারাত্মক আঘাত পেয়েছেন। বর্তমানে তার হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। অন্যদিকে, চিত্রগ্রাহক রনির শরীরের বেশ কয়েকটি জায়গা ছিলে গেছে। দুজনেরই আঘাতের স্থানে এক্স-রে করাতে হবে এবং এরপর চিকিৎসকের পরবর্তী পরামর্শ অনুযায়ী চলতে হবে।
শারীরিক এই অবস্থার কারণে বাধ্য হয়েই নাটকের শুটিং বাতিল করতে হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে পুরোপুরি বিশ্রামে আছেন তারা। ফলে আগামী কয়েকদিন খায়রুল বাসারের পক্ষে ক্যামেরার সামনে দাঁড়ানো কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ঈদের দীর্ঘ বিরতির পর বেশ কয়েকটি নাটকের শুটিংয়ের উদ্দেশ্যেই থাইল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন খায়রুল বাসার। সেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সাদনিমা বিনতে নোমানসহ আরও অনেকেই।


