...|...|...

জাতীয়

তারেক রহমানের সাথে শেহবাজের বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:১১ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৪৪
Shares
তারেক রহমানের সাথে শেহবাজের বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রথমবারের মতো বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তারা।

বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার করেন দুই নেতা।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতির বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সম্পর্কের সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন উভয় নেতা।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পাওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান শেহবাজ শরিফ। জাতিসংঘের লক্ষ্য ও কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশের উদ্যোগের প্রতি পাকিস্তানের সমর্থনের কথাও জানান তিনি।

বিবৃতিতে শেহবাজ শরিফ বাংলাদেশ-পাকিস্তানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক আরও গভীর করার বিষয়ে পাকিস্তানের ‘দৃঢ় অঙ্গীকার’ পুনর্ব্যক্ত করেন। জবাবে তারেক রহমানও দুই দেশের সম্পর্ক আরও জোরদারে তার সরকারের আগ্রহের কথা জানান এবং বিদ্যমান সম্পর্কের ইতিবাচক গতিতে সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি যোগাযোগ, শিক্ষা, পর্যটন এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। জাতিসংঘসহ বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমন্বয় অব্যাহত রাখার গুরুত্বের ওপরও জোর দেন তারা।

দুই নেতা পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।