ঢাকার চারদিকে আট লেনের সড়ক নির্মাণ এবং রাজধানীর চারপাশের নদীগুলো সংস্কার ও দখলমুক্ত করার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে ঢাকা জেলা প্রশাসন ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে কামরাঙ্গীচরে দিরাই খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, ‘রাজধানীর চারপাশের নদী ও খালগুলো পরিকল্পিতভাবে সংস্কার ও দখলমুক্ত করা গেলে নৌপথের পাশাপাশি সড়ক যোগাযোগেও মানুষের সুবিধা বাড়বে। ঢাকার চারদিকে আট লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।’
তিনি বলেন, ‘নগরীর পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে নদী-খাল রক্ষার কোনো বিকল্প নেই। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
সরকারের ‘ক্লিন বাংলাদেশ’ ও ‘গ্রিন বাংলাদেশ’ গড়ার লক্ষ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ‘শুধু সরকারি উদ্যোগে খাল, নদী ও জলাশয় রক্ষা করা সম্ভব নয়। নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে জনসম্পৃক্ততা আরও বাড়াতে হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে যারা কাজ করেন, তাদের আলোচনা কম হলেও সমালোচনা বেশি হয়। যারা ঘরে বসে কাজ করেন এবং ভালো কাজ সহ্য করতে পারেন না, তারাই বেশি সমালোচনা করেন।’



