রাজধানীর ডেমরা এলাকা থেকে
থানা হতে লুট হওয়া পাঁচটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন
(র্যাব)-১০। শুক্রবার (৩০ জানুয়ারি) গভীর রাতে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে
র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল এগুলো উদ্ধার করে।
শনিবার (৩১ জানুয়ারি) র্যাব-১০
এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এসব তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, ২০২৪ সালের
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর সুযোগে দুষ্কৃতিকারীরা একযোগে দেশের বিভিন্ন থানায়
হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। পরবর্তীতে এসব অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে
ব্যবহারের ফলে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরু
থেকেই র্যাব পেশাদারিত্বের সাথে অভিযান পরিচালনা করে আসছে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র
উদ্ধারে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনার পর অভিযান আরও জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় র্যাব-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে অভিযান চালায়।
অভিযানে ডিএমপি ঢাকার ডেমরা থানাধীন স্টাফ
কোয়ার্টার থেকে বনশ্রীগামী সড়কের পাশে একটি স-মিলের বিপরীতে ড্রেনের পাশ থেকে ধাতব
লিভারযুক্ত পাঁচটি অবিস্ফোরিত গ্রেনেড সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গ্রেনেডগুলো
থানা থেকে লুট হওয়া বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা
প্রক্রিয়াধীন রয়েছে।

