দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে মশাবাহিত রোগটিতে কোনো প্রাণহানি হয়নি। এতে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু ১৭৬ জনেই স্থির রয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে কারও প্রাণহানি হয়নি। তবে এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (২১৬ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়াও উল্লেখিত সময়ে চট্টগ্রাম বিভাগে ১৮০ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ৯২, খুলনা বিভাগে ৮১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬১, রংপুর বিভাগে ৫২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪০ এবং বরিশাল বিভাগে ডেঙ্গু নিয়ে ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


