দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৫৫ ডেঙ্গুরোগী।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৯০ জনের মৃত্যু হলো। এর মধ্যে সেপ্টেম্বরেই প্রাণ গেল ৯৩ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। আর এ নিয়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৬৩ হাজার ৬২৭ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৬৬ ও দক্ষিণ সিটি এলাকার হাসপাতালে ভর্তি হন ১৬৭ জন। এর বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ২৮১ জন।
অন্য বিভাগের মধ্যে বরিশালে ২১৭, চট্টগ্রামে ৩১৪, খুলনায় ২৭১, ময়মনসিংহে ৪৩, রাজশাহীতে ১৪৬, রংপুরে ৪১ ও সিলেটে নয় জন হাসপাতালে ভর্তি হন।
২০২৩ সালে দেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। ২০২৫ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ৪১৩ জনের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল এক লাখ দুই হাজারের মতো।

