...|...|...

রংপুর

ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:২৯ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৩০
Shares
ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামের সামনে এ কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর অ্যাম্বুলেন্স চালক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি সুধীর দত্ত, সাধারণ সম্পাদক মামুন হোসেন মামুন, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পঞ্চ, কোষাধ্যক্ষ বাবুল হোসেন, ফারুক হোসেনসহ সমিতির অন্যান্য সদস্যরা।

কর্মবিরতিতে অ্যাম্বুলেন্স চালকরা অভিযোগ করেন, চালক শফিকুল ইসলামকে অবৈধভাবে মারধর ও হয়রানির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি রোগী পরিবহনে কোনো ধরনের দালালি ও হয়রানি বন্ধের দাবিও জানান তারা।

তাদের আরও দাবি, হাসপাতাল চত্বরে সমিতির চারটি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক অবস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এদিকে কর্মবিরতির কারণে রোগী ও তাদের স্বজনরা ভোগান্তিতে পড়েছেন। দ্রুত বিষয়টির সমাধান করে অ্যাম্বুলেন্স চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন রোগীর স্বজনরা।

পরে অ্যাম্বুলেন্স সংগঠনের নেতারা তাদের দাবিসমূহ উল্লেখ করে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন জমা দেন।