মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্ক সিটির ফোলি স্কোয়ারে স্থাপন করা হয়েছে ১০ ফুট উঁচু একটি সোনালি ‘অংশগ্রহণ ট্রফি’। চলমান ইরান সংঘাত নিয়ে ট্রাম্পের ভূমিকার সমালোচনা করতেই এই ব্যঙ্গাত্মক শিল্পকর্মটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে এর নির্মাতা গোষ্ঠী।
বেনামী শিল্প গোষ্ঠী ‘সিক্রেট হ্যান্ডশেক’ তৈরি করা এই ট্রফিটি বুধবার লোয়ার ম্যানহাটনের ফোলি স্কোয়ারে উন্মোচন করা হয়। গোষ্ঠীটির দাবি, ইরান যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা এবং জনসাধারণকে আলোচনায় যুক্ত করাই এই প্রদর্শনীর উদ্দেশ্য।
‘দ্য মিরর ইউএস’-এর তথ্য অনুযায়ী, নিউইয়র্কে প্রদর্শনের আগে ট্রফিটি ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে রাখা হয়েছিল।
এক বিবৃতিতে ‘সিক্রেট হ্যান্ডশেক’ এই শিল্পকর্মটিকে “কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টকে দেওয়া এযাবৎকালের সবচেয়ে বড় পুরস্কার” হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে তারা জানিয়েছে, ইতিবাচক ব্যঙ্গের মাধ্যমে সংঘাত কমানোর বার্তা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোনালি রঙের বিশাল আকৃতির এই ট্রফি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। প্রদর্শনীটির মাধ্যমে ট্রাম্পের নীতি ও ইরান ইস্যুতে তার অবস্থানকে ব্যঙ্গ করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।
সূত্র: হিন্দুস্তান টাইমস


