...|...|...

খেলা

টেনিসের কোর্ট ছেড়ে নির্বাচনের লড়াইয়ে সানিয়া মির্জা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, দুপুর ১:৫৭
Shares
টেনিসের কোর্ট ছেড়ে নির্বাচনের লড়াইয়ে সানিয়া মির্জা

সানিয়া মির্জা। ছবি: সংগৃহীত

খেলোয়াড়ি জীবনের পর এবার ভারতের টেনিস প্রশাসনে যুক্ত হওয়ার পথে এগোচ্ছেন সাবেক তারকা সানিয়া মির্জা। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের (এআইটিএ) আসন্ন নির্বাচনে ‘স্পোর্টস পারসন অব আউটস্ট্যান্ডিং মেরিট’ (এসওএম) শ্রেণিতে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। একই শ্রেণিতে প্রার্থী হয়েছেন ভারতের আরেক সাবেক টেনিস তারকা মহেশ ভূপতিও।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৭ নভেম্বর অনুষ্ঠেয় এসওএম নির্বাচন সামনে রেখে সানিয়া ও ভূপতিসহ আট সাবেক খেলোয়াড় মনোনয়ন জমা দিয়েছেন। এ ছাড়া এআইটিএর নির্বাহী কমিটির নির্বাচনেও অংশ নিচ্ছেন সানিয়া। সেখানে তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন মহেশ ভূপতি, অঙ্কিতা ভাম্বরি, জানকি কৃষ্ণমূর্তি ও বিশাল উপ্পল।

এসওএম শ্রেণিতে মনোনয়ন জমা দেওয়া বাকি প্রার্থীরা হলেন অঙ্কিতা ভাম্বরি, ভারতের বর্তমান ডেভিস কাপ কোচ আশুতোষ সিং, গৌরব নাতেকর, জানকি কৃষ্ণমূর্তি, শালিনী ঠাকুর চাওলা এবং বর্তমান বিলি জিন কিং কাপ দলের অধিনায়ক বিশাল উপ্পল।

এদিকে, এআইটিএর সভাপতি পদে লড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল ভারতের আরেক টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজের। পশ্চিমবঙ্গ টেনিস অ্যাসোসিয়েশন তার প্রার্থিতার প্রতি সমর্থনও জানিয়েছিল। তবে এসওএম শ্রেণিতে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের তালিকায় পেজের নাম নেই। ফলে বর্তমান যোগ্যতার শর্ত অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ তার জন্য কার্যত বন্ধ হয়ে গেছে।

প্রতিবেদন অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিচালনা আইন ও বিধি অনুসারে জাতীয় ক্রীড়া সংস্থার নির্বাচনে অংশ নিতে হলে কোনো রাজ্য ক্রীড়া সংস্থার পদে অন্তত এক মেয়াদ দায়িত্ব পালনের শর্ত রয়েছে। পেজ সেই শর্ত পূরণ করেননি। তবে আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠেয় এআইটিএ নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ার সুযোগ রয়েছে তার।

ভারতের টেনিস প্রশাসনে সাবেক খেলোয়াড়দের সম্পৃক্ত করার পক্ষে মত দিয়েছেন মহেশ ভূপতি। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, প্রতিটি ক্রীড়া সংস্থার সর্বোচ্চ পর্যায়ে এমন খেলোয়াড়দের থাকা প্রয়োজন, যারা সংশ্লিষ্ট খেলাটির সর্বোচ্চ স্তরে অংশ নিয়েছেন। এতে তারা নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে খেলাটির উন্নয়নে অবদান রাখতে পারবেন। এ প্রসঙ্গে ভারতের ব্যাডমিন্টন কোচ পুল্লেলা গোপীচাঁদের অবদানের উদাহরণও তুলে ধরেন তিনি।

খেলোয়াড় হিসেবে সাফল্যের দিক থেকেও সানিয়া ও ভূপতি ভারতের টেনিসের পরিচিত দুই নাম। ডাবলসে সাবেক বিশ্বসেরা ভূপতি একাধিক গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন। সানিয়াও ডাবলসে সাবেক বিশ্বসেরা। নারী ও মিশ্র দ্বৈত বিভাগ মিলিয়ে তার গ্র্যান্ড স্লাম শিরোপার সংখ্যা ছয়।

এআইটিএর সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী, এসওএম শ্রেণি থেকে সাধারণ পরিষদে চারজন প্রতিনিধি নির্বাচিত হবেন। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী থাকবেন। অন্যদিকে, ১৫ সদস্যের নির্বাহী কমিটিতে এই শ্রেণি থেকে একজন পুরুষ ও একজন নারী প্রতিনিধি নির্বাচিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচনের সূচি অনুযায়ী, আগামী ৭ নভেম্বর এসওএম শ্রেণির নির্বাচন এবং ২৭ নভেম্বর এআইটিএর মূল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সানিয়া ও ভূপতির মনোনয়ন ভারতীয় টেনিসের সাবেক তারকাদের ক্রীড়া প্রশাসনে যুক্ত হওয়ার সম্ভাবনাকে সামনে নিয়ে এসেছে।