দীর্ঘ দুই দশক ধরে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরে মাঠ মাতিয়েছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে তার অবসরের পর ঐতিহাসিক এই জার্সির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এবার নিজের পছন্দের কথা জানিয়ে আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো বলেছেন, মেসির ১০ নম্বর জার্সির দায়িত্ব নেওয়ার যোগ্য দাবিদার হুলিয়ান আলভারেজ।
আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে দেওয়া প্রথম সাক্ষাৎকারে ‘লোস এদুল’ এর সাথে কথা বলেন রোমেরো। সেখানে প্রথমে মেসির প্রতি সম্মান জানিয়ে ১০ নম্বর জার্সিটি অবসরে পাঠানোর পক্ষে মত দেন তিনি। তবে নিয়মের কারণে সেটি সম্ভব না হলে জার্সিটি আলভারেজকে দেওয়ার পক্ষে নিজের অবস্থান জানান বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
রোমেরো বলেন, ‘সত্যি বলতে, আমি হলে জার্সিটা তুলে রাখতাম। ফুটবল অ্যাসোসিয়েশনের দেয়ালে মেসির একটি ম্যুরাল থাকত। তাহলে এই জার্সির বিশাল দায়িত্ব আর কাউকে নিতে হতো না। কিন্তু নিয়মের কারণে সেটি সম্ভব নয়।’
তবে জার্সিটি যখন খালি থাকছেই, তখন এটি কার পাওয়া উচিত এমন প্রশ্নের জবাবে বিশ্বকাপজয়ী এই তারকা স্পষ্ট উত্তর দেন, ‘আমি হলে এই জার্সি জুলিকেই (আলভারেজ) দিতাম। অবশ্য সবারই নিজস্ব পছন্দ থাকতে পারে। তবে ওর সাধারণ জীবনযাপন, পরিবারের প্রতি টান আর ভালো মানুষ হিসেবে ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। তার ওপর খেলার ক্ষমতা তো আছেই। সব মিলিয়ে আমার মনে হয় ও-ই এই জার্সির জন্য সেরা।’
আর্জেন্টিনার ফুটবলে ১০ নম্বর জার্সির রয়েছে বিশেষ মর্যাদা। দিয়েগো ম্যারাডোনা ও মেসির মতো কিংবদন্তিরা এই জার্সি পরে জাতীয় দলকে সাফল্য এনে দিয়েছেন। তাই মেসির পর কে এই জার্সি গায়ে মাঠে নামবেন, তা নিয়ে সমর্থকদের আগ্রহ তৈরি হয়েছে।
২০২২ সালে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আলভারেজ। আক্রমণভাগে তার গতি, গোল করার দক্ষতা ও পরিশ্রমী মানসিকতা তাকে জাতীয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
রোমেরোর মতে, মেসির বিদায়ে তৈরি হওয়া শূন্যতা পূরণের সামর্থ্য আর্জেন্টিনা দলে একাধিক খেলোয়াড়ের রয়েছে। তবে আলভারেজের ফুটবলীয় দক্ষতার পাশাপাশি তার ব্যক্তিত্ব, পারিবারিক মূল্যবোধ ও সাধারণ জীবনযাপন তাকে এই ঐতিহাসিক জার্সির জন্য বিশেষভাবে যোগ্য করে তুলেছে।



