ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব। এবার থ্রি ডি টুর্নামেন্টেও সুযোগ না পাওয়ায় তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। কেউ কেউ দাবি করেন, ষড়যন্ত্র করে তাকে ক্রিকেটের বাইরে রাখা হচ্ছে। তবে এসব জল্পনার মধ্যে নিজের বর্তমান অবস্থা ও মাঠে ফেরার পরিকল্পনা জানিয়েছেন তানজিম সাকিব।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের শারীরিক অবস্থা ও পুনর্বাসন প্রক্রিয়ার কথা তুলে ধরেন তিনি। তানজিম জানান, বর্তমানে ইংল্যান্ডে থেকে নিজেকে নতুন করে প্রস্তুত করছেন। দীর্ঘ সাত মাস বিশ্রামে থাকার পর আগামী মাস থেকে বোলিং শুরু করার পরিকল্পনা রয়েছে তার।
তানজিম সাকিব তার পোস্টে বলেন, ‘দীর্ঘ ৭ মাসের বিশ্রাম, ইনজুরির সাথে লড়াই আর ক্রিকেট থেকে দূরে থাকার এক কঠিন অধ্যায়…বর্তমানে ইংল্যান্ডে আছি, নিজেকে নতুন করে প্রস্তুত করছি। ইনশাআল্লাহ, আগামী মাস থেকে বোলিং শুরু করব।
এই দীর্ঘ বিরতি আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছে, নিজের ওপর বিশ্বাস রাখতে শিখিয়েছে। ফিরে আসার পথটা সহজ নয়, তবে স্বপ্নটা এখনও আগের মতোই অটুট।
আপনাদের ভালোবাসা, দোয়া আর সমর্থনই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।’
তানজিম সাকিবকে বিভিন্ন ধর্মীয় বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকতে দেখা গেছে। এসব বিষয়ে তার মন্তব্য ঘিরে অতীতে একাধিকবার বিতর্ক ও সমালোচনা তৈরি হয়েছে। কোনো কোনো বক্তব্য রাজনৈতিক বিতর্কেরও জন্ম দিয়েছে।
এ কারণে তার ভক্ত-সমর্থকদের একটি অংশ মনে করছেন, এসব বিতর্কের প্রভাবেই হয়তো তিনি দলে সুযোগ পাচ্ছেন না। তবে তাকে ইচ্ছাকৃতভাবে ক্রিকেটের বাইরে রাখা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবির পক্ষে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নিজের পোস্টে তানজিম সাকিব মূলত দীর্ঘদিনের ইনজুরি, বিশ্রাম এবং মাঠে ফেরার প্রস্তুতির কথাই জানিয়েছেন। আগামী মাস থেকে বোলিং শুরু করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি ক্রিকেটে ফেরার আশাও প্রকাশ করেছেন।



