...|...|...

বিশ্ব

টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক বিস্ফোরণ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, সকাল ৯:১৩ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, সকাল ১০:৩১
Shares
টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে টানা তৃতীয় দিনের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। একই সাথে সোমবার (১২ অক্টোবর) দক্ষিণ সৌদি আরবের খামিস মুশাইত বিমানঘাঁটিতে ড্রোন হামলারও দাবি করেছে তারা। এর আগে কয়েক দিনের হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানান, রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হামলাটি ‘নির্ভুল’ ছিল বলেও দাবি করেন তিনি।

তবে এর আগে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে আসার সময় আটকে ধ্বংস করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি জোটটি। সম্ভাব্য বিপদের বিষয়ে আগাম সতর্কবার্তা জারির কয়েক মিনিট পর সৌদি সিভিল ডিফেন্স রিয়াদে বিপদ কেটে যাওয়ার ঘোষণা দেয়।

একই বিবৃতিতে খামিস মুশাইত বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে সরাসরি আঘাত হানার দাবি করে হুথিরা। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে বিমান সংস্থা, কর্মী ও যাত্রীদের সতর্ক করেছে হুথি গোষ্ঠী। তাদের দাবি, এসব স্থাপনা অনিরাপদ। তবে মক্কা ও মদিনার বিমানবন্দর এবং আকাশসীমাকে এ সতর্কতার বাইরে রাখা হয়েছে।

হুথিদের সাথে সামরিক সংঘাত তীব্র হওয়ার মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের বিমানবন্দর ও বেসামরিক স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।