...|...|...

লাইফস্টাইল

টমেটো খেলেই কি কিডনিতে পাথর? জেনে নিন আসল সত্য

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১০
Shares
টমেটো খেলেই কি কিডনিতে পাথর? জেনে নিন আসল সত্য

ছবি: সংগৃহীত

টমেটো খেলে কিডনিতে পাথর হয়—এই ধারণা বহু মানুষের মনেই রয়েছে। তবে চিকিৎসাবিজ্ঞান ও পুষ্টিবিজ্ঞানীদের মতে, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। এটি একটি ভুল ধারণা বা মিথ। টমেটোর মতো অত্যন্ত পুষ্টিকর একটি সবজি না বুঝে এড়িয়ে চলায় মানুষ এর নানা স্বাস্থ্যকর গুণ থেকে বঞ্চিত হচ্ছে।

মুম্বইয়ের পুষ্টিবিদ লীমা মহাজন মনে করেন, টমেটো সম্পর্কে কিছু অত্যন্ত ভুল ধারণার জন্য লাইকোপিন সমৃদ্ধ একটি খাবারের উপকারিতা থেকে বঞ্চিত থাকছেন বহু মানুষ।

টমেটোয় থাকা লাইকোপিন কেন গুরুত্বপূর্ণ?

কোলেস্টেরল কমাতে

রক্তে ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রক্তনালিগুলি পরিষ্কার রাখে। এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, হৃদ্‌রোগের ঝুঁকিও কমে।

ক্যানসার প্রতিরোধক

লাইকোপিন হল এমন এক অ্যান্টি-অক্সিড্যান্ট, যা ক্যানসার প্রতিরোধে অত্যন্ত কার্যকর। বিশেষ করে প্রস্টেট, ফুসফুস এবং স্তন ক্যানসারে নির্দিষ্ট কিছু ক্যানসার কোষের বৃদ্ধি রোধ করতে এটি সাহায্য করে।

বার্ধক্য ঠেকাতে

চতুর্দিকে নানারকমের অ্যান্টি এজিং ক্রিম আর ওষুধের রমরমা। সবার দাবি, তারা ত্বকে তারুণ্য ধরে রাখার উপাদান কোলাজেনের মাত্রা বাড়িয়ে দেবে। অথচ রান্নাঘরে বাজারের ঝুড়িতে পড়ে থাকা টমেটোতেও রয়েছে সেই একই গুণ। এটি সূর্যের অতিবেগনি রশ্মির হাত থেকে ত্বককে বাঁচিয়ে ত্বকের কোলাজেন বৃদ্ধি করতে সাহায্য করে।

এ ছাড়া মস্তিষ্কের কোষের স্বাস্থ্য ভাল রাখতে এবং চোখের সুরক্ষাতেও সাহায্য করে টমেটোয় থাকা লাইকোপিন।
তবে কেন তাকে কিডনির স্টোনের জন্য দায়ী করা হয়?

পুষ্টিবিদ জানাচ্ছেন, টমেটোয় রয়েছে সামান্য পরিমাণে অক্সালেট। আর এই তথ্যটুকুই যাবতীয় ভয়ের কারণ। অথচ একটা গোটা টমেটোয় অক্সালেট থাকে কেবল ৫-৭ মিলিগ্রাম, যা এক বাটি পালংশাকে থাকা অক্সালেটের তুলনায় নস্যি। এক বাটি পালংশাকে ৭৫০ মিলিগ্রাম অক্সালেট থাকে। আরও এমন অনেক খাবারেই অক্সালেট বেশি থাকে। মজার ব্যাপার হল, টমেটোতে যে সাইট্রাস জাতীয় পদার্থ থাকে, তা উল্টে কিডনিতে অক্সালেট জমতেই দেয় না।

অক্সালেটযুক্ত খাবার খেলে কী করবেন?

লিমা জানিয়েছেন, যদি অক্সালেট আর কিডনির স্টোন নিয়ে অতিরিক্ত চিন্তা থাকে, তবে অক্সালেটযুক্ত খাবার যেমন পালংশাক, বিট, কাঠবাদাম, ডার্ক চকোলেট, আঙুর ইত্যাদি খাওয়ার পরে ক্যালশিয়ামযুক্ত খাবার যেমন, দই, পনির, রাগি, সজনেশাক, বিভিন্ন রকম মিলেট খেলে কিডনিতে অক্সালেট জমবে না।

দৈনিক খাদ্যাভ্যাসে পরিমাণমতো টমেটো রাখা স্বাস্থ্যের জন্য পুরোপুরি নিরাপদ ও অত্যন্ত উপকারী। টমেটোর মতো উপকারী সবজি এড়িয়ে চলা একটি ভুল সিদ্ধান্ত।