চোখের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তোলে ঘন ভ্রু এবং পাপড়ি। তবে নানাবিধ কারণে অনেকেরই ভ্রু ও চোখের পাপড়ি পাতলা হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। এই সমস্যার সমাধানে বাজারে নানান প্রসাধনী পাওয়া গেলেও সেগুলোতে থাকা রাসায়নিকের ব্যবহারে দীর্ঘমেয়াদে ক্ষতির ঝুঁকি থাকে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরে বসেই এই সমস্যার সমাধান করা সম্ভব। মাত্র দুটি তেল মিশিয়ে খুব সহজেই বাড়িতে তৈরি করা সম্ভব ভ্রু ও চোখের পাপড়ি ঘন করার বিশেষ মিশ্রণ।
যা যা লাগবে
এই মিশ্রণ বানাতে প্রয়োজন ক্যাস্টর অয়েল এবং এর সাথে নারকেল তেল, আমন্ড অয়েল অথবা হোহোবা অয়েলের যে কোনো একটি। এছাড়া দরকার একটি পরিষ্কার বাটি এবং তেল লাগানোর জন্য তুলোর বল। ক্যাস্টর অয়েল বেশ ঘন হওয়ায় এটি একা ব্যবহার না করে অন্য কোনো হালকা তেলের সাথে মিশিয়ে ভ্রু, চোখের পাতা বা চুলে লাগানোর পরামর্শ দেওয়া হয়।
যেভাবে বানাবেন
প্রথমে একটি পরিষ্কার বাটিতে এক চা-চামচ ক্যাস্টর অয়েল নিতে হবে। এর সাথে সমপরিমাণ নারকেল তেল, আমন্ড অয়েল বা হোহোবা অয়েল মিশিয়ে নিতে হবে। দুটি তেল ভালোভাবে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে ভ্রু ও চোখের পাতার যত্নের মিশ্রণ। এই তেল তৈরি করতে বাড়তি সময় বা উপকরণের কোনো প্রয়োজন হয় না।
যেভাবে ব্যবহার করবেন
পরিষ্কার তুলোর বল তেলে ডুবিয়ে বা সরাসরি আঙুলের ডগায় নিয়ে আলতোভাবে ভ্রু ও চোখের পাতায় মালিশ করতে হবে। অতিরিক্ত তেল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, কারণ ক্যাস্টর অয়েল ঘন হওয়ায় বেশি লাগালে পরে তা পরিষ্কার করতে সমস্যা হতে পারে। তেল লাগানোর পর আধ ঘণ্টা রেখে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। আর কোথাও যাওয়ার না থাকলে তেল মালিশ করে সারারাত রেখেও দেওয়া যায়।
ধারাবাহিকভাবে কিছুদিন এই ঘরোয়া মিশ্রণ ব্যবহারে ভ্রু ও চোখের পাতায় নতুন লোম গাজানোর পাশাপাশি চুল মসৃণ ও ঘন হয়ে ওঠে।
কেন এটি কার্যকর?
ভ্রু ও চোখের পাতা ঘন করতে ক্যাস্টর অয়েল অত্যন্ত কার্যকর। এতে থাকা প্রচুর পরিমাণ রিসিনোলেইক অ্যাসিড নতুন চুল বা লোম গজাতে এবং বিদ্যমান চুলকে মজবুত রাখতে ভূমিকা রাখে। তবে ক্যাস্টর অয়েল বেশ ঘন হওয়ায় এটি একা ব্যবহার না করে অন্য কোনো হালকা তেলের সাথে মিশিয়ে ব্যবহার করাই উত্তম।
সূত্র: হেলথ লাইন


