...|...|...

খুলনা

ঝিনাইদহে তরুণদের উদ্যোগে ব্যতিক্রমী বৃক্ষরোপণ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:৩৮ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:২৫
Shares
ঝিনাইদহে তরুণদের উদ্যোগে ব্যতিক্রমী বৃক্ষরোপণ

ঝিনাইদহে তরুণদের উদ্যোগে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা ও এলাকার সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টায় সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামে স্থানীয় স্বেচ্ছাসেবী ও যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় রাকু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহাজ উদ্দিন মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশকর্মী ও বৃক্ষপ্রেমী জহির রায়হান, সংগঠনের সভাপতি রিপন হোসেন, সাংবাদিক শাহজাহান নবীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘কুমড়াবাড়িয়া স্বেচ্ছাসেবী ও যুব উন্নয়ন সংগঠন’ এর উদ্যোগে প্রথম দফায় সড়কের দুই পাশে দুই শতাধিক সুপারি গাছের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।

পরিবেশকর্মী জহির রায়হান বলেন, গাছ পৃথিবীর চাদর। পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণরা বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়।

উদ্বোধক রাহাজ উদ্দিন মোল্লা বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। সমাজ ও দেশের কল্যাণে তরুণদের এমন উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে সারাদেশে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা উচিত।