ভোরের আলো ফোটার আগেই মাছের ঘেরের মধ্যে পড়ে ছিল এক যুবকের নিথর দেহ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মোমিনবাগ বিলের একটি মাছের ঘের থেকে মো. বাপ্পী (৩৫) ওরফে কলম বাপ্পীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বাপ্পী রূপসা থানার আলাইপুর গ্রামের মৃত আকব্বর শেখের ছেলে।
স্থানীয় ও প্রাথমিক অনুসন্ধান সূত্রে জানা গেছে, তিনি একসময় মাছের ব্যবসার সাাথে জড়িত ছিলেন। পুলিশ জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে কোনো একসময় নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামে মোমিনবাগ বিলের মধ্যে বিপ্লব পাল, পিতা স্বপন পাল-এর মাছের ঘেরে ঘটনাটি ঘটে।
ঘটনার খবর পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সবুর খান ও এসআই সুমন গাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে বাপ্পীর মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
মাদক কারাবরের অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে ঠিক কী কারণে বাপ্পীকে হত্যা করা হয়েছে, কারা তাকে সেখানে নিয়ে গিয়েছিল এবং হত্যাকাণ্ডে কারা জড়িত এসব প্রশ্নের উত্তর এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে রূপসা থানা পুলিশ।
রূপসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সবুর খান বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


