8বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই আন্দোলনকে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৭ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে এমাজউদ্দিন রিসার্চ সেন্টার।ৎ
মির্জা ফখরুল বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার। তবে বিরোধী দলগুলো জুলাইকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। জুলাইয়ের আন্দোলন শুধু একটি মাসের ঘটনা নয় উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন জুলাইয়ে এসে চূড়ান্ত রূপ পেয়েছে।
তিনি বলেন, “আমরা একসাথে জুলাই সনদে স্বাক্ষর করেছি। তবে গণভোটের একটি অংশ নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা করা হয়নি। উচ্চকক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্বের বিষয়েও আমরা একমত ছিলাম না। তখনই আমি বলেছিলাম, জাতির সাথে প্রতারণা করা হয়েছে।”
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশন তাদের সম্মতি ছাড়াই জুলাই সনদে কিছু বিষয় যুক্ত করেছে।
সংবিধান সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় সংবিধান সংশোধনের কথা বলে এসেছে, সংস্কারের কথা নয়। তিনি দাবি করেন, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর ক্ষেত্রে বিএনপির ভূমিকা রয়েছে।
তিনি বলেন, “আজ যখন সংস্কারের কথা বলা হয়, তখন জনগণকে বিভ্রান্ত করার জন্যই এসব বলা হচ্ছে বলে আমি মনে করি।”
মির্জা ফখরুল আরও বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় বিএনপি শিক্ষিত ও বুদ্ধিজীবী মহলকে একত্রিত করার চেষ্টা করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছে দেশ—এমন মন্তব্য করে তিনি বলেন, এখন লক্ষ্য একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা।


