...|...|...

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে সরকার উল্টো পথে হাঁটছে: নাহিদ ইসলাম

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, রাত ৮:৪১ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৩৮
Shares
জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে সরকার উল্টো পথে হাঁটছে: নাহিদ ইসলাম

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলে সরকার উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এভাবে চলতে থাকলে সরকার গণ-আন্দোলনের মুখে পড়বে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ২৯ মিন্টো রোডের বাসভবনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি আগামী ৩০ আগস্টের লংমার্চে সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকার এখন তার পুরো উল্টো পথে হাঁটছে। দেশের বর্তমান পরিস্থিতি এভাবে চলতে থাকলে সরকারকে গণ-আন্দোলনের মুখে পড়তে হবে।

বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের সংকটে সৃষ্ট জনদুর্ভোগ এবং এ পরিস্থিতিতে বিরোধী দলের করণীয় নিয়েও আলোচনা হয়েছে।

বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যেসব আইন নিয়ে আগে থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছিল, সেগুলো বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের স্বার্থে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে এবং সরকারের কর্মকাণ্ডের বিষয়ে জনগণের কাছে অবস্থান তুলে ধরতে হবে।