ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন, তার ভাই, ভাইয়ের স্ত্রী ও সন্তানের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ দূতাবাস ও মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
মঙ্গলবার জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
হুমায়ুন কবির বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলার শামিল। সোমবার ইতালির ভেনিস শহরে বাঁধন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিতাড়িত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কর্মীদের জড়িত থাকার অভিযোগও করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঘটনার পর মঙ্গলবার সকালে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলে ইতালির পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা এবং বাঁধনকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয় পুলিশও এ বিষয়ে সক্রিয় হয়েছে। রোমে বাংলাদেশ দূতাবাস এবং মিলানের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। তাকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।
বাঁধন ইতালির পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করবেন জানিয়ে হুমায়ুন কবির বলেন, বিষয়টি অত্যন্ত জোরালোভাবে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তুলে ধরবে বাংলাদেশ দূতাবাস।


