...|...|...

খেলা

জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের পর শাস্তি পেল বাংলাদেশ

টাইমস টুডে স্পোর্টস
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, সন্ধ্যা ৭:০৫ | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, রাত ১০:৪০
Shares
জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের পর শাস্তি পেল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের ক্ষত না শুকাতেই নতুন এক দুঃসংবাদ বয়ে নিয়ে এল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।  জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় ওয়ানডেতে ধীরগতির ওভার-রেটের কারণে বাংলাদেশ দলের সব খেলোয়াড়কে জরিমানা করা হয়েছে।

হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং ইনিংস শেষ করতে ব্যর্থ হয় বাংলাদেশ। আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের চেয়ে বাংলাদেশ দল দুই ওভার পিছিয়ে ছিল।  এই অপরাধে দলের সব খেলোয়াড়ের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ম্যাচ শেষে আইসিসির ম্যাচ রেফারি প্যানেলের সদস্য ডেভিড গিলবার্ট এই শাস্তির ঘোষণা দেন। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। সেই হিসেবে দুই ওভারের জন্য ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে টাইগারদের।

বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এই অভিযোগ এবং প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।

মাঠের পারফরম্যান্সেও সফরটি ভুলে যাওয়ার মতো হয়েছে বাংলাদেশের জন্য। সিরিজ নির্ধারণী দ্বিতীয় ম্যাচে ১৩ রানে হেরে সিরিজ হাতছাড়া করে টাইগাররা। এর আগে প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে মাত্র ১৪১ রানে আটকে ফেলার পরও ব্যাটিং ব্যর্থতায় ২৫ রানের হারে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। সব মিলিয়ে মাঠের পারফরম্যান্স আর মাঠের বাইরের জরিমানা-দুটোই বাংলাদেশ ক্রিকেটের জন্য এক হতাশাজনক অধ্যায় হয়ে থাকল।