...|...|...

অন্যান্য

জামায়াতের চার এমপিকে হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, রাত ১০:১৭
Shares
জামায়াতের চার এমপিকে হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত

সৌদি আরবের মদিনা থেকে ঢাকা ফেরার পথে বাংলাদেশ বিমানের ফ্লাইটে জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্যকে হয়রানি এবং সময়মতো লাগেজ বুঝিয়ে না দেওয়ার অভিযোগের পর দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ, অতিরিক্ত দায়িত্ব) মহিউদ্দিন আহমেদ। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেন।

মহিউদ্দিন আহমেদ জানান, ফ্লাইটের যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় প্রাথমিক অনুসন্ধানের পর সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কন্টেইনার অফলোডিং ও পরিচালনাগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে নির্ধারিত সময়ে জমজমের পানি পৌঁছাতে বিলম্ব হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

দায়িত্বে অবহেলার অভিযোগে মনিরুল ইসলাম প্রধান ও সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। সেবার মান ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে মন্ত্রীর নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানায়, বিষয়টি জানার পর ওমরাহ পালন শেষে দেশে ফেরা যাত্রীদের ভোগান্তি কমাতে নিজস্ব সংরক্ষিত মজুত থেকে দ্রুত জমজমের পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। পরে অন্য একটি কন্টেইনার শনাক্ত করে সেখান থেকেও পানি সরবরাহ নিশ্চিত করা হয়।

মহিউদ্দিন আহমেদ আরও বলেন, যাত্রীদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে অভ্যন্তরীণ তদারকি আরও জোরদার করা হয়েছে।