...|...|...

অন্যান্য

বিশ্ব বয়ফ্রেন্ড দিবস আজ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, সকাল ১০:২২
Shares
বিশ্ব বয়ফ্রেন্ড দিবস আজ

ছবি: এআই জেনারেটেড

জীবনে একজন ভালো বন্ধু কিংবা পথপ্রদর্শককে সুখে-দুঃখে পাশে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। সম্পর্ক কেবল ভালো লাগার নয়, বরং পারস্পরিক দায়িত্ব ও যত্নের এক মেলবন্ধন। সেই যত্নশীল ভালোবাসার মানুষটিকে একটু বিশেষভাবে ধন্যবাদ বা ভালোবাসা জানানোর দিন আজ। 

আজ ৩ অক্টোবর, বিশ্ব বয়ফ্রেন্ড দিবস। প্রতি বছর এই দিনে বিশ্বজুড়ে তরুণ-তরুণীরা তাদের মনের মানুষের জন্য নানা বিশেষ পরিকল্পনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম স্ক্রল করলেই আজ চোখে পড়বে প্রিয় মানুষের সাথে কাটানো সুন্দর মুহূর্তের ছবি, আবেগঘন ক্যাপশন ও ভালোবাসার নানা বহিঃপ্রকাশ।

ইতিহাস ঘেঁটে জানা যায়, এই দিবসটির কোনো প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। তবে ধারণা করা হয়, ২০১৪ সালের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম এই দিবসটির সূচনা হয়। এরপর ২০১৬ সালের দিকে এসে এটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। গার্লফ্রেন্ড ডে বা ১ আগস্টের আদলেই মূলত ছেলেদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের জন্য এই দিনটি উদযাপনের প্রচলন শুরু হয়।

বর্তমান যুগে যেকোনো দিবস উদযাপনে বড় ভূমিকা রাখে সামাজিক যোগাযোগমাধ্যম। বিশ্ব বয়ফ্রেন্ড দিবসকে কেন্দ্র করে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে এখন তুমুল ট্রেন্ড চলছে। সকাল থেকেই ইনস্টাগ্রাম এবং এক্সে এই হ্যাশট্যাগটি ট্রেন্ডিংয়ে রয়েছে। লাখ লাখ ব্যবহারকারী তাদের বয়ফ্রেন্ডের ছবি এই ট্যাগের সঙ্গে পোস্ট করছেন। টিকটক ও ইনস্টাগ্রামে তরুণীরা তাদের সম্পর্কের শুরুর দিকের ছবি এবং বর্তমানের ছবির কোলাজ দিয়ে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক যেমন লিল বু পি-এর বিগ বয় বা স্লো ডাউন লাভ সং যুক্ত করে রিলস বানাচ্ছেন। 

যারা সম্পর্কের বিষয়টি এখনো পুরোপুরি প্রকাশ করতে চান না, তারা বয়ফ্রেন্ডের হাত ধরা, কফির কাপ হাতে তার আবছা অবয়ব বা শুধু ব্যাকপ্রোফাইলের ছবি স্টোরিতে দিয়ে এই ট্রেন্ডে অংশ নিচ্ছেন। পাশাপাশি দিবসটি নিয়ে সিঙ্গেলদের মজার মজার মিম ও ট্রলও বেশ ট্রেন্ড করছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রসাত্মক পরিবেশ সৃষ্টি করেছে।