...|...|...

সারাদেশ

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত, আনা হচ্ছে ঢাকায়

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, রাত ১০:৪৮
Shares
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত, আনা হচ্ছে ঢাকায়

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের গচিহাটা বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের জ্যেষ্ঠ ছেলে শাহরিয়ার জামান। বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শাহরিয়ার জামান বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পুলিশ ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের সহযোগিতা কামনা করা হয়েছে।

জানা গেছে, মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের আন্দোলন-পরবর্তী সময়ে জাতীয় নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন তিনি।

এর আগে বিমানবন্দরে লাগেজ-সংক্রান্ত ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষের করা মামলায় গ্রেফতার হয়েছিলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। সম্প্রতি দুই দিন আগে তিনি জামিনে কারামুক্ত হন।

এদিকে, ছুরিকাঘাতে আহত ছেলের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সাথে ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

তবে কী কারণে এবং কারা এ হামলার সাথে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।