...|...|...

অর্থনীতি

জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১২ | আপডেট: ১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩৬
Shares
জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ছবি: সংগৃহীত

২০২৬ সালের জুলাই ও আগস্ট কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘ই-ভ্যাট’ সিস্টেমে আগামী ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে। এ সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো বিলম্ব জরিমানা দিতে হবে না।

বৃহস্পতিবার এনবিআরের মূসক (মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়) শাখার দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, জাতীয় বাজেট ২০২৬-২৭-এ ভ্যাট রিটার্নের সংশোধিত বিধান কার্যকর হওয়ায় প্রতি তিন কর মেয়াদ শেষ হওয়ার পর রিটার্ন দাখিলের সুযোগ তৈরি হয়েছে। এর ফলে অনেক করদাতা প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট কর মেয়াদের রিটার্ন নির্ধারিত সময়ে ই-ভ্যাট সিস্টেমে জমা দিতে পারেনি।

এ অবস্থায় রিটার্ন দাখিল না করা প্রতিষ্ঠানগুলোর জন্য সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪(৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে জুলাই ও আগস্ট কর মেয়াদের রিটার্ন জমার সময় ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাড়িয়েছে এনবিআর।

এনবিআর জানিয়েছে, বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো বিলম্ব জরিমানা আরোপ করা হবে না। তবে যেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিয়মটি প্রযোজ্য, তাদের জুলাই ও আগস্টের রিটার্নের পাশাপাশি সেপ্টেম্বর ২০২৬ কর মেয়াদের রিটার্নও আগামী ১৫ অক্টোবরের মধ্যে ই-ভ্যাট সিস্টেমে জমা দিতে হবে।

জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।