...|...|...

সারাদেশ

ছেলের বিয়ের পাত্রী দেখে বাড়ি ফেরা হলো না বাবার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৬
Shares
ছেলের বিয়ের পাত্রী দেখে বাড়ি ফেরা হলো না বাবার

ছেলের বিয়ের পাত্রী দেখে বাড়ি ফেরা হলো না বাবার। ছবি: সংগৃহীত

ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে পরিবারের সদস্যদের সাথে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হেলাল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির। চট্টগ্রামের মিরসরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতের পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হেলাল উদ্দিন পরিবারের চার সদস্যকে সাথে নিয়ে বারইয়ারহাট থেকে আবুরহাট এলাকায় ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন। পাত্রী দেখে ফেরার পথে গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় পৌঁছালে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন হেলাল উদ্দিন। আহত হন পরিবারের অন্য চার সদস্যও।

দুর্ঘটনার পর স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের কারও হাতে, কারও পায়ে আঘাত লেগেছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে হেলাল উদ্দিনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে। বাকি চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ থানায় রয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।