...|...|...

সারাদেশ

চট্টগ্রামে ফুডপান্ডা বয়কটে অনড় রেস্তোরাঁ মালিকরা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, রাত ১০:৪৪
Shares
চট্টগ্রামে ফুডপান্ডা বয়কটে অনড় রেস্তোরাঁ মালিকরা

চট্টগ্রামে ফুডপান্ডা বয়কটে অনড় রেস্তোরাঁ মালিকরা। ছবি: সংগৃহীত

অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জ নিয়ে বিরোধের জেরে ফুডপান্ডাকে দেওয়া আলটিমেটামের সময়সীমা শেষ হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সাড়া না পাওয়ায় চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরের বারকোড ফুড জাংশন রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক মনজুরুল হক জানান, ফুডপান্ডার বিভিন্ন কমিশন ও চার্জ যৌক্তিকভাবে সংস্কারের দাবিতে ১৫ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো ধরনের সাড়া মেলেনি।

রেস্তোরাঁ মালিকদের অভিযোগ, ফুডপান্ডার উচ্চহারের কমিশন, বিভিন্ন ধরনের লুকানো চার্জ ও কঠোর ব্যবসায়িক নীতিমালার কারণে তারা আর্থিক চাপে পড়ছেন। এতে রেস্তোরাঁর ব্যবসা পরিচালনা ও টিকিয়ে রাখা কঠিন হয়ে উঠেছে।

সংগঠনটি জানিয়েছে, চলমান সংকটের সমাধান না হওয়া পর্যন্ত চট্টগ্রামের কোনো রেস্তোরাঁয় ফুডপান্ডার সেবা চালু করা হবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ বয়কট কর্মসূচি অব্যাহত থাকবে।