চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে বর্তমানে দুটি জাহাজ থেকে জ্বালানি তেল খালাস করা হচ্ছে। সোমবার (২০ এপ্রিল) প্রায় ৬৮ হাজার মেট্রিক টন ডিজেল খালাসের কার্যক্রম চলছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জনসংযোগ শাখার সহকারী মহাব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, প্রায় ৩৫ হাজার মেট্রিক টন ডিজেলবাহী এমটি ওকাত্রি এবং ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলবাহী এমটি কেইপ বনি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বর্তমানে জাহাজ দুটি থেকে ডিজেল খালাস করা হচ্ছে।
এদিকে, দেশের জলসীমায় আরও তিনটি জ্বালানিবাহী জাহাজ প্রবেশ করেছে। এর মধ্যে এমটি লিয়েন সং হু প্রায় ৪১ হাজার মেট্রিক টন ডিজেল, এমটি প্যাসিফিক ইনডিগো ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল এবং এমটি নেইভ সিয়েলো প্রায় ২৭ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে বাংলাদেশে এসেছে।
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এসব জাহাজ থেকে পর্যায়ক্রমে তেল খালাস করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

