ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের অধ্যাপক মো. আসাদুর রহমানের ওপর হামলা এবং ১৫ হাজার মার্কিন ডলার চাঁদা দাবির মামলায় গ্রেফতার জীবন ওরফে আদিলকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের শুনানির জন্য আদিলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এর আগে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদিল এ মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পরপরই তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল।
মামলার এজাহার ও রিমান্ড আবেদনের তথ্য অনুযায়ী, গত ১৭ আগস্ট রাতে রাজধানীর শান্তিনগরের একটি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা শেষে বাসায় ফিরছিলেন অধ্যাপক আসাদুর রহমান। সিএনজিচালিত অটোরিকশায় ওঠার সময় কয়েকজন ব্যক্তি দলবদ্ধভাবে তার পথরোধ করেন।
অভিযোগে বলা হয়, পথরোধের কারণ জানতে চাইলে হামলাকারীরা তাকে অটোরিকশা থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করে। এ সময় তার চোখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে জীবন ওরফে আদিলকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার আগে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে অধ্যাপক আসাদুর রহমানের কাছে ১৫ হাজার মার্কিন ডলার চাঁদা দাবি করা হয়। ওই নম্বরের সূত্র ধরে প্রযুক্তিগত সহায়তায় হামলার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চালায় পুলিশ।
গত ১৮ আগস্ট অধ্যাপক আসাদুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন। তিনি ঢামেক হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান।
এদিকে, এ মামলায় এর আগে ফারহান শাহরিয়ার ওরফে ইভান নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। গত শুক্রবার (২১ আগস্ট) লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পল্টন থানা-পুলিশ। পরে শনিবার তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।



