...|...|...

আইন ও আদালত

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩৪ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:০৮
Shares
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে। এ বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৫ পৃষ্ঠার রায়টি প্রকাশ করা হয়। এতে প্রতিষ্ঠানটিকে বকেয়া কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের করা পৃথক রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন বেঞ্চ ওই রায় ঘোষণা করেন। সে সময় আদালত নির্দেশ দেন, আগামী তিন অর্থবছরের মধ্যে প্রতিষ্ঠানটিকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে।

এর আগে গত ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা কর আদায়ের বিষয়ে দেওয়া একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ ওই রায় প্রত্যাহার করেন। একইসাথে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে মামলাটি শুনানির জন্য নতুন বেঞ্চে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ করবর্ষের আয়কর দাবি নিয়ে ২০১৭ সালে পৃথক দুটি রিট করে গ্রামীণ কল্যাণ। প্রাথমিক শুনানি শেষে আদালত এ বিষয়ে রুল জারি করেন। তবে সম্প্রতি হাইকোর্টের নতুন বেঞ্চ সেই রুল খারিজ করে দেন।

রিট খারিজ হওয়ায় এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর হিসেবে গ্রামীণ কল্যাণের কাছ থেকে আদায়ে আর বাধা থাকছে না।