শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। জিজ্ঞাসাবাদের সময় বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পল্টন মডেল থানার একটি মামলায় রিমান্ড শেষে রুহুল আমিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান।
আদালতে দেওয়া আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদের জন্য গত ২৩ নভেম্বর কেরানীগঞ্জ কারাগার থেকে রুহুল আমিনকে হেফাজতে নেওয়া হয়। পরে তাকে পুলিশ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফকরুল হাসানের কাছে উপস্থাপন করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য শারীরিকভাবে সুস্থ থাকায় তাকে সিআইডি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রুহুল আমিন বুকে সামান্য ব্যথা অনুভব করেন বলে আদালতকে জানায় পুলিশ। পরে তাকে চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে নেওয়া হয়। গত বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।
পরে রুহুল আমিনের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৯ নভেম্বর গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজ আদায় করতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে যান প্রবাসফেরত ব্যবসায়ী মোহাম্মদ জিয়াউর রহমান। ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত ইমাম আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন।
এ সময় রুহুল আমিন অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বর থেকে নামিয়ে মাইক কেড়ে নেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। মুসল্লিরা তাকে এ কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেন। অভিযোগে আরও বলা হয়, রুহুল আমিনের নির্দেশে অন্য আসামিরা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর ডান চোখে আঘাত করেন।
এ ছাড়া ভুক্তভোগীর পকেটে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং মসজিদের ৫০ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর পল্টন মডেল থানায় মামলা হয়।


