...|...|...

রাজনীতি

গ্যাস-বিদ্যুৎ সংকটে সরকারের ব্যর্থতার নিন্দা জামায়াতের

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, রাত ১২:১৭ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬, সকাল ৭:৩৪
Shares
গ্যাস-বিদ্যুৎ সংকটে সরকারের ব্যর্থতার নিন্দা জামায়াতের

বাংলাদেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারের ব্যবস্থাপনার সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৩ আগস্ট)  এক বিবৃতিতে তিনি বলেন, গত কয়েকদিন ধরে দেশে গড়ে প্রায় সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। এর ফলে সাধারণ মানুষের পাশাপাশি শিল্পখাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, গত নয়ই অগাস্ট তিন হাজার ৬৭১ মেগাওয়াট, ১০ই অগাস্ট তিন হাজার ৭৫৭ মেগাওয়াট, ১১ই অগাস্ট তিন হাজার ৪৬৫ মেগাওয়াট এবং ১২ই অগাস্ট তিন হাজার ৩৮২ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। এছাড়া, ১২ই অগাস্ট ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ ছিল ২০৩ কোটি ঘনফুট।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকারের অব্যবস্থাপনা, অদক্ষতা, অদূরদর্শিতা, বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক দুর্নীতি ও দলীয়করণের কারণে দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট তীব্র হয়েছে। এতে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাসাবাড়িতে রান্নাসহ দৈনন্দিন কাজ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় সমস্যা হচ্ছে।

সংকট নিরসনে গ্যাস সরবরাহ বাড়ানো, শিল্পের গ্যাস চুরি বন্ধ, লিকেজ ও সিস্টেম লস কমিয়ে আনা, এনার্জি কনভার্সনের যাবতীয় পলিসি ও যন্ত্রপাতি আমদানি সহজ করা, তেল পাচার রোধের ব্যবস্থাসহ সরকারি বা বেসরকারি উদ্যোগে অপরিশোধিত তেল আমদানির ব্যবস্থা নেওয়ার দাবি জানান জামায়াতের এই নেতা।