...|...|...

খেলা

গেইল রাসেলদের টপকে সিপিএলে দ্রুততম সেঞ্চুরি শানাকার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪৫ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৫৯
Shares
গেইল রাসেলদের টপকে সিপিএলে দ্রুততম সেঞ্চুরি শানাকার

ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নতুন রেকর্ড গড়েছেন দাসুন শানাকা। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল ও কাইরন পোলার্ডের মতো তারকাদের ছাড়িয়ে টুর্নামেন্টটির ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন শ্রীলঙ্কার এই অলরাউন্ডার। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৩৯ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে সেন্ট লুসিয়ার বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন শানাকা। সেঞ্চুরি পূর্ণ করার পরও থামেননি তিনি। শেষ পর্যন্ত ৪৩ বলে ১২১ রানে অপরাজিত থাকেন। তার ঝোড়ো ইনিংসেই ভেঙে যায় সিপিএলে এত দিন ধরে থাকা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

এর আগে ৪০ বলে সেঞ্চুরি করে যৌথভাবে রেকর্ডটি ধরে রেখেছিলেন আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার ও টিম সাইফার্ট। রাসেল ২০১৮ সালে এই কীর্তি গড়েছিলেন। হেটমায়ার ও সাইফার্টের সেঞ্চুরি আসে গত বছর, একই দিনে।

সিপিএলে ক্রিস গেইলের দ্রুততম সেঞ্চুরি ৪৯ বলে। ক্যারিবিয়ান কিংবদন্তি ২০১৬ সালে এই কীর্তি গড়েছিলেন। আর পোলার্ডের দ্রুততম শতক এসেছিল ২০১৮ সালে, ৫৩ বলে।

তবে ৩৯ বলে সেঞ্চুরি শানাকার জন্য একেবারে নতুন নয়। ২০১৬ সালে শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতাতেও একই গতিতে তিন অঙ্ক স্পর্শ করেছিলেন তিনি। ওই বছরই ৪০ বলে সেঞ্চুরি করার নজিরও রয়েছে তার। সেই ম্যাচে ৪৮ বলে অপরাজিত ১৩১ রান করেছিলেন শানাকা, যা টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

অবশ্য সব ধরনের টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখনো শানাকার দখলে নয়। এই তালিকার শীর্ষে রয়েছেন এস্তোনিয়ার সাহিল চৌহান, যিনি ২০২৪ সালে সাইপ্রাসের বিপক্ষে মাত্র ২৭ বলে শতক করেছিলেন।

২৮ বলে সেঞ্চুরি করে যৌথভাবে পরের অবস্থানে আছেন ভারতের উর্বিল প্যাটেল ও অভিষেক শর্মা। দুজনই ২০২৪ সালের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এই কীর্তি গড়েন। ২৯ বলে সেঞ্চুরি রয়েছে তুরস্কের মোহাম্মদ ফাহাদের, আর ৩০ বলে শতক করেছিলেন ক্রিস গেইল।

২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে গেইল ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন। সেই ইনিংসেই মাত্র ৩০ বলে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ক্যারিবিয়ান তারকা।