...|...|...

খেলা

চোটে কাঁদলেন নেইমার, মাঠকর্মীদের নিয়ে নেইমারের তীব্র কটাক্ষ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৪৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:২০
Shares
চোটে কাঁদলেন নেইমার, মাঠকর্মীদের নিয়ে নেইমারের তীব্র কটাক্ষ

ছবি: সংগৃহীত

পালমেইরাসের বিপক্ষে কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করেছে সান্তোস। তবে ম্যাচের চেয়েও বড় ধাক্কা পেয়েছে নেইমারের চোটে। ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেয়ে বিরতির পর আর মাঠে ফিরতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। ড্রেসিংরুমে যাওয়ার সময় চোখের পানি মুছতেও দেখা যায় তাকে।

বুধবার ভিলা বেলমিরোতে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে চোটে পড়েন নেইমার। ম্যাচ শেষে ইনস্টাগ্রাম স্টোরিতে মাঠের অবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার দাবি, আগের দিন মাঠের মাটি আলগা করা হয়েছিল। ফলে ম্যাচের দিন মাঠটি ‘গর্তে ভরা’ ছিল এবং তার দেখা সবচেয়ে খারাপ অবস্থায় ছিল।

নেইমার আরও অভিযোগ করেন, প্রতিপক্ষের পাশাপাশি তাদের ‘মাঠের বিরুদ্ধেও’ খেলতে হয়েছে। অসমান মাঠে দৌড়ানোর সময় গতি বাড়ানো ও থামতে খেলোয়াড়দের বেশি শক্তি প্রয়োগ করতে হয়েছে বলেও জানান তিনি। প্রথমার্ধেই সান্তোসের তিন খেলোয়াড় চোট পাওয়ার প্রসঙ্গ তুলে মাঠকর্মীদের ব্যঙ্গ করে ‘অভিনন্দন’ জানান তিনি।

প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হেরেছিল সান্তোস। দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র হওয়ায় কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে নেইমারের দল।

চোটের মাত্রা জানতে চলতি সপ্তাহের শেষ দিকে নেইমারের পরীক্ষা করা হবে। এদিকে একই ম্যাচে আলভারো বারেয়াল ও লুকাস ভেরিসিমোও চোট পেয়েছেন। কোচ কুকা বলেছেন, নেইমারকে ছাড়াই দলকে এখন পরিস্থিতি সামলাতে হবে এবং আশা করছেন তিনজনই দ্রুত ফিরবেন।

চলতি মৌসুমে সান্তোসের হয়ে ২৪ ম্যাচে ৮ গোল করেছেন নেইমার। অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা দলটি ব্রাজিলিয়ান লিগে বর্তমানে ১৪তম স্থানে রয়েছে।